কক্সবাজারের পেকুয়ায় অসুস্থ বাবার চিকিৎসার আর্থিক সহায়তা চাইতে গিয়ে ১৩ বছরের এক কিশোরী যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ অভিযোগে অমল ধর (৩৮) নামে এক জুয়েলারি দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টইটং বাজারের এমডি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আটক অমল ধর পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের উত্তর নাথপাড়ার মৃত চিত্তরঞ্জন ধরের ছেলে। ভুক্তভোগী কিশোরীর বাড়ি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে।
স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, অসুস্থ বাবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইতে ওই কিশোরী টইটং বাজারের এমডি জুয়েলার্সে যায়। এ সময় দোকানের কর্মচারী অমল ধর তাকে ফুসলিয়ে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। সেখানে কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা করা হলে সে চিৎকার করে বেরিয়ে আসে। পরে স্থানীয় ব্যবসায়ীরা দোকানে গিয়ে অভিযুক্তকে আটক করেন।
টইটং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন ও সদস্য হেলালসহ কয়েকজন ব্যবসায়ী সাংবাদিকদের জানান, দোকানের ভেতর থেকে চিৎকার শুনে তারা কয়েকজন সেখানে যান। এ সময় কিশোরীকে দোকান থেকে বেরিয়ে যেতে দেখেন এবং অভিযুক্ত কর্মচারীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান বলে তাদের দাবি। পরে স্থানীয় লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়।
পেকুয়া থানার এসআই সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরী যৌন হয়রানির শিকার হয়েছে বলে জানিয়েছে। তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত অমল ধরকে আটক করা হয়েছে।
পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে। কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।



