শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

স্বাধীনতার দ্বন্দ্বে ‘দুই পাখি ও নন্দিনী’

রবীন্দ্রনাথের ‘দুই পাখি’ ও ‘রক্তকরবী’-এর নন্দিনীকে এক করে নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’ মঞ্চায়ন হয়েছে। ষড়ৈশ্বর্য লাকী ইনামের মতে, কারও পক্ষে দাঁড়ানোর পাশাপাশি নিজের পরিচয় ও মানবিকতাকে বাঁচিয়ে রাখাই প্রকৃত স্বাধীনতা।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:১৮ পিএমসর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:১৮ পিএম
স্বাধীনতার দ্বন্দ্বে ‘দুই পাখি ও নন্দিনী’

প্রাচুর্য ও স্বাচ্ছন্দ্যের বিনিময়ে পরাধীনতা, নাকি অনিশ্চয়তা ও কষ্টের মধ্যেও স্বাধীন জীবন—এই দ্বন্দ্বকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উদ্বোধনী প্রদর্শনীতে নাটক ‘দুই পাখি ও নন্দিনী’। শুক্রবার সন্ধ্যায় মূল হলে অনুষ্ঠিত প্রায় দেড় ঘণ্টার নাটকটি দর্শক বিনোদনের পাশাপাশি মুক্তি ও মানবিকতার বোধের প্রশ্ন তুলে ধরেছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা এবং ‘রক্তকরবী’ নাটকের নন্দিনী চরিত্রের ওপর ভিত্তি করে প্রযোজনাটি নির্মিত হয়েছে। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যশিল্পী, নাট্যকার ও নির্দেশক ষড়ৈশ্বর্য লাকী ইনাম। এটি নাগরিক নাট্যাঙ্গনের ২৮তম প্রযোজনা।

ইন্টারনেট, স্যাটেলাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শোষণ-শাসনের বাস্তবতায় মানুষের জীবন যখন যন্ত্রসম্পন্ন হয়ে উঠছে, তখন নাটকে স্বাধীনতা ও মুক্তির অর্থ নতুন করে প্রশ্নের মুখে তুলে দেওয়া হয়েছে। সোনার খাঁচায় নিরাপদ কিন্তু পরাধীন জীবনের সঙ্গে ঝুঁকি ও কষ্টের মধ্যে থেকেও মুক্ত বনের পাখির মতো স্বাধীন জীবনকে মুখোমুখি করানো হয়েছে দুই পাখির মধ্য দিয়ে। তাদের সাক্ষাতে স্বাধীনতা ও পরাধীনতার দুই সত্তার দ্বন্দ্ব সামনে আসে।

নাটকের ভাবনায়, খাঁচার পাখি ও বনের পাখি নিজস্ব শক্তিতে মুক্তির পখা খুঁজে পেলে আবির্ভাব হয় ‘রক্তকরবী’র নন্দিনীর। যক্ষপুরীর মকররাজের শোষণ ও ভয়ভীতিতে খনিতে শ্রম করতে থাকা কিশোর, ফাগুলালের মতো মানুষ যখন যন্ত্রে পরিণত হয়, নন্দিনী তখন তাদের মানবিক অস্তিত্ব ও মুক্তির পথ খুঁজে দেন। শিল্পী লাকী ইনাম সমকালীন প্রযোজনায় সেই ভাবনাকে নতুন রূপ দিয়েছেন। তিনি বলেন, ‘দুই পাখি’ ও ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথের একই বক্তব্যের দুই ধরনের শিল্পরূপ—সেই বক্তব্য হলো সর্বপ্রাণী ও সব মানুষের স্বাধীনতা।

তাঁর মতে, স্বাধীনতা শুধু আবদ্ধ প্রাচীর বা খাঁচা ভাঙার মধ্যে সীমাবদ্ধ নয়। অন্যকে প্রাচীরে আটকে রাখা বা খাঁচায় পুরে রাখার মানসিকতা থেকে বেরিয়ে আসা, নিজের বৈশিষ্ট্য নিয়ে বাঁচা এবং অন্যকে বাঁচার সুযোগ তৈরি করাই প্রকৃত স্বাধীনতা। জীবনের ৭৫ বছরে পদার্পণের সূত্রে এ নতুন প্রযোজনাটি তাঁর শিল্পজীবনকেও বিশেষভাবে উদযাপন করেছে। নাটকের পাণ্ডুলিপি লেখায় হৃদি হক তাঁকে অনুপ্রাণিত করেছেন। অভিনয়, মঞ্চসজ্জা, আবহসংগীত, পোশাক ও দ্রব্যসম্ভারে নাগরিক নাট্যাঙ্গনের নাট্যকর্মীরা সহযোগিতা জুগিয়েছেন; আলোর পুরোধা ঠান্ডু রায়হান আলোকবিষয়ক উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ