কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে নির্মিত কালজয়ী সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’-এ শিশুশিল্পী হিসেবে ‘রইছ’ চরিত্রে অভিনয় করে অভিনেতা বিজয় চৌধুরী বহুল আলোচনার মুখে উঠে এসেছিলেন। এই সিনেমার সেই খ্যাত ‘রইছ’ এখন অসুস্থ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিজয় চৌধুরী। এরপর তাঁকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে হৃদরোগে আক্রান্ত বলে জানান।
আইসিইউ থেকে সাধারণ বেডে
চিকিৎসকদের জানানো অনুযায়ী, শারীরিক অবস্থার অবনতির কারণে প্রথমে বিজয় চৌধুরীকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে, বা আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তীতে তাঁর অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। তবে তাঁর সুস্থতার বর্তমান অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে বাবার অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন বিজয় চৌধুরীর মেয়ে ফিওনা চৌধুরী। বাবার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।’




