ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর শিরতাজ জাহান জেবিন সামাজিক মাধ্যমে তাঁর বাগদান হয়েছে—এমন একটি খবর প্রকাশিত হওয়ার পর সরাসরি বিষয়টি অস্বীকার করেছেন। জেবিন জানিয়েছেন, সম্প্রতি তাঁর কোনো বাগদান হয়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ না করে এবং তথ্য যাচাই না করেই এই সংবাদ প্রকাশ করা হয়েছে।
অভিনেত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি জানান, বাবার চিকিৎসার প্রয়োজনেই দেশের বাইরে থেকেছেন এবং এই সময়ে পরিবারের ও বাবার চিকিৎসার দিকেই সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন। এমন সংবেদনশী সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই ছাড়া সংবাদ প্রকাশিত হওয়ায় তিনি বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন।
জেবিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বাগদানের খবরকে সম্পূর্ণ ভুল বলে উল্লেখ করেছেন। সেখানে তিনি লিখেছেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই, সম্প্রতি আমার কোনো বাগদান হয়নি। সংবাদটি সম্পূর্ণ ভুল এবং আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয়েছে।”
অভিনেত্রী আরও বলেন, একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। তাঁর মতে, ভুল সংবাদ কেবল একজন ব্যক্তির ভাবমূর্তিকে প্রভাবিত করে না, বরং তার পরিবার ও ব্যক্তিগত জীবনেও বিরূপ প্রভাব ফেলে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা এবং সংবাদকে অনুমানের বদলে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে উপস্থাপনের দায়িত্ব মেনে চলা উচিত।
জেবিন ছোটবেলায় ডাক্তার হওয়ার ইচ্ছা রাখলেও পরবর্তীতে বিনোদন জগতে পা রেখেছেন। অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন এবং ধারাবাহিক নাটক “দেনা পাওনা”-এ “নাবিলা সিক্স” চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে পরিচিতি লাভ করেন।




