ব্যালন ডি’অরের বর্ষসেরা কোচের পুরস্কারটি আগামী সোমবার লন্ডনে জমকালো আয়োজনে উঠতে যাচ্ছে লুইস দে লা ফুয়েন্তের হাতেই। বিশ্বকাপজয়ী স্পেনের সফল এই কোচ অন্য সব প্রতিদ্বন্দ্বীকে বেশ বড় ব্যবধানে পেছনে ফেলে সেরা কোচের দৌড়ে শীর্ষস্থান দখল করেছেন।
এই দৌড়ে প্রাথমিকভাবে থাকা অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকে, আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি। পিএসজির জার্সিতে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জয়ী লুইস এনরিকেসহ বাকি প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দে লা ফুয়েন্তে এই পুরস্কারের দৌড়ে এগিয়ে গেছেন।
স্প্যানিশ ফুটবল কর্তারা এই সাফল্য উদযাপন করবেন অনুষ্ঠানে উপস্থিত থেকে। জানা গেছে, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লুজান এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এই অনুষ্ঠানে অংশ নেবেন।
দে লা ফুয়েন্তের এই স্বীকৃতির পেছনে রয়েছে তার অসাধারণ কোচিং সাফল্য। গত ১৯ জুলাই অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে দীর্ঘ ১২ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন। তার সুনিপুণ ট্যাকটিকসে পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছিল স্পেন এবং পুরো আসর অপরাজিত থেকেই ট্রফি ঘরে তোলে।
তার হাত ধরেই বর্তমানে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ড গড়েছে স্পেন। এই ধারাবাহিক সাফল্যই দে লা ফুয়েন্তেকে ব্যালন ডি’অরের সেরা কোচের দৌড়ে সবার আগে রেখেছে।


