বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে পারেনি। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৯৮ বার পিছিয়ে গেল।
তারিখ পেছানোর ঘটনায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ১৯ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। দেশের ভেতরে অবস্থানরত কোনো চক্রের সহায়তায় অর্থপাচারের এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হয়।
ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়।
মামলার পরদিন ১৬ মার্চ আদালত তদন্তভার সিআইডিকে দেয়। সেদিন থেকে বিতর্কিত এ চুরি ও অর্থপাচারের ঘটনা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।



-6aa955a4eb589.webp)


