চামড়া ও পাদুকা শিল্পের সমস্যা চিহ্নিত করে দেশীয় বাজারের সম্ভাবনা কাজে লাগানো এবং রপ্তানি বাড়াতে বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরির কাজ চলছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া প্রকাশ করা হলে সংশ্লিষ্ট অংশীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। তিনি বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘দশম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
চামড়া শিল্পের সামগ্রিক উন্নয়নে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় কর্মমুখী রোডম্যাপ তৈরি করছে। এতে ট্যানারি মালক, প্রস্তুতকারক, ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের বাস্তব অভিজ্ঞতা, উন্নয়নের চাহিদা এবং শিল্পের সমস্যাগুলো প্রতিফলিত করা হবে।
বাণিজ্য সচিব জানান, বাংলাদেশে চামড়ার কাঁচামাল উপলব্ধ থাকায় শিল্পটির দেশীয় বাজার ও আন্তর্জাতিক বাজার—দুটোতেই সম্ভাবনা রয়েছে। দেশীয় চামড়াজাত পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াজাত চামড়া, জুতা, ভ্রমণব্যাগ, বেল্ট ও মানিব্যাগের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশি ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয় মানদণ্ড পূরণে উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে।
এই লক্ষ্যে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের কাঠামো এবং জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির কাজ চলছে। অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য পৃথক ট্রেসেবিলিটি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। চামড়া শিল্পে গবেষণা জোরদার করতে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলা হয়েছে, চামড়া প্রযুক্তির শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে ট্যানারি মালিক ও উদ্যোক্তাদের সংযোগ আরও কার্যকর করা এবং বিষয়টি রোডম্যাপে অন্তর্ভুক্ত করার চেষ্টা নেওয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ থেকে বার্ষিক আনুমানিক ২৭ কোটি বর্গফুট চামড়া উৎপাদিত হয়, যার বেশিরভাগ রপ্তানি করা হয়। দেশের কাঁচামাল ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, হংকং ও তাইওয়ানে রপ্তানি হয়। পাদুকা উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ এবং ভোক্তাবাজার হিসেবে নবম। দেশে প্রায় ৫ হাজার ৫০০টি ক্ষুদ্র পাদুকা কারখানা রয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ক্রয়াদেশ পাওয়া পাদুকা উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠান ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।





