বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর ওপর দুস্কৃতিকারীদের কাপুরুষোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, শাওন সাদেকীর প্রাণনাশের উদ্দেশ্যে এই হামলা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুরোনো শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতরে লুকিয়ে থাকা দুস্কৃতিকারীরা পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তাঁর মতে, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যানের ওপর ন্যাক্কারজনক হামলা ও গুরুতর আঘাতের ঘটনা সেই পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ।
এসব হামলাকারীকে চিহ্নিত করে কঠোর শাস্তি না দেওয়া হলে তাঁরা ভবিষ্যতে আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলে সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশে ভয়শূন্য পরিবেশ তৈরির জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সে লক্ষ্যে হামলাকারীদের গ্রেফতার করে তদের সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
রিজভী আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের জানমাল রক্ষার জন্য দল-মত নির্বিশেষে সব শ্রেণী ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
হামলার শিকার বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর আশু সুস্থতা কামনা করে তিনি বিএনপির পক্ষ থেকে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরেন।

-6ab66959b519a.jpg)
-6ab6a466c9142.jpg)

