অর্থায়ন কৌশলে নতুন ধাপে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে লা লিগার ক্লাব বার্সেলোনা। সংস্কারিত ক্যাম্প ন্যুর ২ হাজারটি ভিআইপি আসন দীর্ঘমেয়াদি লাইসেন্সের আওতায় বিক্রি করে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো আয়ের প্রত্যাশা রাখছে স্প্যানিশ ক্লাবটি। স্টেডিয়ামের এই আসনগুলোকে ক্লাবের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
বার্সেলোনার জানানোয়া সূত্রে, নতুন ভিআইপি আসনগুলো ১৫ ও ৩০ বছর মেয়াদি লাইসেন্সের আওতায় বিক্রি করা হবে। ক্রেতাদের চুক্তির শুরুতেই সংশ্লিষ্ট অর্থ পরিশোধ করতে হবে। ক্লাবটি আগামী আড়াই মৌসুমের মধ্যে সবগুলো আসন বিক্রির কাজ শেষ করার আশা প্রকাশ করেছে।
তবে ঘোষিত ৭০০ মিলিয়ন ইউরো একবারে বার্সেলোনার হাতে আসবে না। চুক্তি অনুযায়ী ক্লাবটি চুক্তির পুরো মেয়াদজুড়ে এই অর্থ থেকে রাজস্ব পাবে। এ ধরনের ভিআইপি আসন বিক্রি বার্সেলোনার কাছে নতুন উদ্যোগ নয়। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ৩০ বছর মেয়াদি ৪৭৫টি ভিআইপি আসনের চুক্তি করেছিল ক্লাবটি, যার মূল্য ছিল ১০০ মিলিয়ন ইউরো।
এর আগে প্রায় ৫ হাজার ভিআইপি আসন বাণিজ্যিকভাবে বিক্রি করেছে বার্সেলোনা। বিভিন্ন মেয়াদের লাইসেন্স অনুযায়ী এসব আসন থেকে চুক্তির আওতায় ৩৮০ মিলিয়ন ইউরোর বেশি আয় নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ক্লাব। বর্তমানে নতুন ২ হাজার আসন বিক্রির পরিকল্পনা বার্সেলোনার পুরোনো আর্থিক কৌশলেরই ধারাবাহিকতা।
ক্যাম্প ন্যুর সংস্কারকাজ ২০২৮-২৯ মৌসুমে পুরোপুরি শেষ হওয়ার কথা। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হলে নতুন ভিআইপি আসন বিক্রির কাজ শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, সংস্কারিত স্টেডিয়ামকে দীর্ঘমেয়াদে আয় উৎসে পরিণত করার কৌশলও হবে। ভিআইপি লাইসেন্স বিক্রির মাধ্যমে প্রাপ্য রাজস্ব বার্সেলোনার ভবিষ্যৎ আর্থিক নির্ভরযোগ্যতার সঙ্গে সরাসরি যুক্ত হবে।



