বাংলাদেশ ব্যাংক দেশে প্রাথমিকভাবে চারটি নতুন ডিজিটাল ব্যাংককে অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত চারটি প্রতিষ্ঠানকে লেটার অব ইনটেন্ট বা এলওআই প্রদানের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
অনুমোদন পাওয়া ডিজিটাল ব্যাংকগুলো হলো বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। এর আগে কড়ি নামে একটি ডিজিটাল ব্যাংককে অনুমোদন দেওয়া হয়। তাই এবারের সিদ্ধান্তের পর দেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক অনুমোদনের অগ্রগতিতে রয়েছে।
১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল
ডিজিটাল ব্যাংক স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক এবং মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ।
আগের আমলে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসিকে অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ওই দুটি প্রতিষ্ঠানের ডিজিটাল লাইসেন্স স্থগিত করে। বর্তান সিদ্ধান্তে নতুন চারটি প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার মাধ্যমে অনুমোদন প্রক্রিয়ার পরবর্তী ধাপে এগিয়ে নেওয়া হয়েছে।




