দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভালো মানের ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৬৪১ টাকা বেড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় সর্বসম্মতিক্রমে নতুন মূল্য ঠিক করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয় এবং ২৫ সেপ্টেম্বর শুক্রবার সেই মূল্যই অলংকার ব্যবসায় প্রযোজ্য থাকবে।
অন্যান্য ক্যারেটের নতুন দাম
এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের প্রতি ভরির মূল্য ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
সংস্থার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
অলংকার বিক্রি ও এক্সচেঞ্জে চার্জ
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না।
পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ হিসাব করতে হবে। পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে এই হার প্রযোজ্য হবে ১৮ শতাংশ।





