স্বাস্থ্যসেবার মান উন্নত না হলে একটি দেশের প্রকৃত সমৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব বাংলাদেশ ফার্মাসিস্টের আহ্বায়ক মো. জাকারিয়া হোসেন।
রিজভী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো বা আয় বৃদ্ধি যথেষ্ট নয়। নাগরিকদের সক্ষমতা বৃদ্ধি এবং উপযুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও প্রকৃত জাতীয় সমৃদ্ধির গুরুত্বপূর্ণ সূচক। তাঁর মতে, সমৃদ্ধি শুধু পণ্য কিনতে বা বেশি আয় করার সক্ষমতা নয়; মানুষ সুস্থভাবে বেঁচে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগই সমৃদ্ধির অন্যতম মাপকাঠি।
ইলেকট্রনিক হেলথ কার্ডের সম্ভাবনা উল্লেখ করে রিজভী বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ এবং ঝুঁকিপূর্ণ ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আরও কার্যকরভাবে সুরক্ষিত করা সম্ভব। একটি ইলেকট্রনিক হেলথ কার্ডের মাধ্যমে রোগীর চিকিৎসার অধিকার ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার বিষয় নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে। তবে এ উদ্যোগকে কার্যকর করতে হলে হাসপাতাল, ক্লিনিক ও ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট খাতগুলোকে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনতে হবে।
দেশের ফার্মাসিউটিক্যাল খাতের উন্নয়নে জোর দিয়ে রিজভী বলেন, ভেজাল ও নিম্নমানের ওষুধের বিরুদ্ধে সময়ে সময়ে অভিযান চালানো হলেও তা যথেষ্ট নয়। আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ওষুধশিল্পকে আরও শক্তিশালী, মানসম্পন্ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। তিনি বিভিন্ন খাতের উন্নয়নে পেশাজীবীদের জ্ঞান, দক্ষতা, চিন্তা ও উদ্ভাবনকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে দলীয়করণ ও দখলদারিত্তের বদলে পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
শান্তি ও সমৃদ্ধির লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের গুরুত্বারোপ করে রিজভী বলেন, যে দেশ তার নাগরিকদের উপযুক্ত স্বাস্থ্যসেবা দিতে পারে না, তার সামগ্রিক সামাজিক উন্নয়নও পূর্ণতা পায় না। তাই জাতীয় সমৃদ্ধির সূচক নির্ধারণে স্বাস্থ্যসেবার অবস্থা ও মানকে অগ্রাধিকার দিতে হবে। সভায় অন্য বক্তাদের মধ্যে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ইউজিসির সদস্য ড. আসলাম হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর ড. মামুনুর রশিদ।





-6ab6a466c9142.jpg)