চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১ দশমিক ৮ কেজি গান পাউডার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় রাত ২টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল ও গান পাউডার পাওয়া যায়। এছাড়া বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ ও দুটি হাঁসুয়া পাওয়া গেছে।
এসআরবি জানায়, অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধার করা বিস্ফোরক ও অন্য সরঞ্জাম দেশের বিভিন্নস্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশে মজুত করা হয়ে থাকতে পারে। এসব আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



