সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

এক রুট, এক কোম্পানি: ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু ১ নভেম্বর

এক রুট, এক কোম্পানি: ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু ১ নভেম্বর...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম
এক রুট, এক কোম্পানি: ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু ১ নভেম্বর

ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে ‘এক রুট, এক কোম্পানি’ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস পরিষেবা চালু করতে যাচ্ছে সরকার।

এই উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে আগামী ১ নভেম্বর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সভায় রুট, বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান, বাসের সংখ্যা ও স্টপেজ নিয়ে আলোচনা হয়েছে।

প্রাথমিকভাবে পাঁচটি নন-এসি ও একটি এসি রুটে পরীক্ষামূলকভাবে বাস চলবে। দুই মাস পর আরও তিনটি সার্কুলার রুট যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

সংস্থাটির ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম বলেন, শিগগির এই কার্যক্রমের বাস্তবায়ন শুরু হবে।

প্রথম পর্যায়ের জন্য প্রস্তাবিত ৩২টি প্রধান রুটের মধ্যে ছয়টি এবং ২৫টি সার্কুলার রুটের মধ্যে পাঁচটিকে চিহ্নিত করা হয়েছে।

ছয়টি প্রধান রুট হলো গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির, গাবতলী-ডেমরা, দুয়ারীপাড়া-সদরঘাট, ঘাটারচর-ডেমরা, ঘাটারচর-কাঁচপুর ও মিরপুর-১২-মাওয়া।

গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির রুটের বাস শিববাড়ী থেকে টঙ্গী, বিমানবন্দর, মহাখালী ও নিউমার্কেট হয়ে চলাচল করবে। এই রুটে বিকাশ পরিবহন, বিকাশ সেবা ট্রান্সপোর্ট ও ডিভাইস পরিবহনকে একটি কোম্পানি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

গাবতলী-ডেমরা রুট অপরিবর্তিত থাকবে। বাসগুলো শ্যামলী, মহাখালী, গুলশান-১ ও রামপুরা হয়ে চলাচল করবে। আলিফ এন্টারপ্রাইজ, বৈশাখী পরিবহন ও রইছ পরিবহনকে যৌথভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

দুয়ারীপাড়া-সদরঘাট রুটের বাস চলবে শ্যামলী, সায়েন্সল্যাব ও আজিমপুর হয়ে। দিশারী পরিবহন, তানজিল পরিবহন, মেট্রো লিংক ও ট্রান্সসিলভা এই রুটে সমন্বিতভাবে বাস পরিচালনা করবে। এর মধ্যে কাঁচপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবে থাকা ১৬ নম্বর রুটের ব্যবস্থাপনাও অন্তর্ভুক্ত থাকবে।

ঘাটারচর-ডেমরা রুটের বাস মোহাম্মদপুর, শাহবাগ ও রামপুরা হয়ে চলবে। অন্যদিকে, ঘাটারচর-কাঁচপুর রুটের বাস শাহবাগ, পল্টন ও সাইনবোর্ড হয়ে কাঁচপুর যাবে। রমজান পরিবহন, মালঞ্চ পরিবহন, মিডলাইন পরিবহন ও রজনীগন্ধা পরিবহন সমন্বিতভাবে এই দুই রুটে বাস পরিচালনা করবে।

মিরপুর-১২ থেকে মাওয়া রুটে ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও কেরানীগঞ্জ হয়ে বাস চলবে। এই রুটে অনুমোদন পেয়েছে স্বাধীন পরিবহন, বিহঙ্গ পরিবহন, বিকল্প পরিবহন ও শিকড় পরিবহন।

ডিএমপি ও দুই সিটি করপোরেশনকে বাসস্টপ চিহ্নিত করা, টিকিট কাউন্টার স্থাপন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ ও অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ডিটিসিএ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ