দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা তারকা জুটি অল্প কিছুদিন আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরই এ তারকা দম্পতি প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে তাদের নতুন সিনেমা নিয়ে এসেছেন। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রণবলী’ সিনেমাটি পূজায় মুক্তি পেয়েছে।
বর্তমানে এ সিনেমা নিয়েই তাদের ব্যস্ততা। সিনেমাটি তেলুগু, তামিল, হিন্দি, মালায়ালাম ও কন্নড় ভাষায় শুক্রবার (১৬ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
সম্প্রতি পরিচালক ও সঞ্চালক করণ জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ ৯’-এর নতুন পর্বের ট্রেলারে দেখা গেছে। সেই অনুষ্ঠানে খোলামেলা কথোপকথনে মাতেন সদ্য বিবাহিত এ তারকা দম্পতি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের প্রেমের গল্প নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ আরও বেড়ে যায়। তাদের বিয়ের আয়োজনে তেলুগু ও কোডাভা— দুই ঐতিহ্যেরই ছাপ ছিল। তবে প্রেমের গল্পে কে কাকে আগে মনের কথা জানিয়েছিলেন, তা নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। আর বিয়ের প্রস্তাবের প্রসঙ্গ উঠলে তো কথাই নেই!
এবার নিজেদের প্রেম ও বিয়ের গল্প বলতে গিয়ে মজার এক তথ্য ফাঁস করলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। জানালেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার কাছ থেকে বিয়ের প্রস্তাবের অপেক্ষায় বসে থাকেননি তিনি। বরং নিজেই একটানা এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছেন।
ট্রেলারে আরও দেখা যায়, পরিচালক করণ জোহর এ তারকা দম্পতিকে তাদের সম্পর্কের গল্প নিয়ে প্রশ্ন করেন। বিজয়কে জিজ্ঞাসা করেন তিনি কি রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? উত্তরে রাশমিকা মাথা নেড়ে সম্মতি না জানালে বিজয় বলেন— ‘ও-ই বলেছিল, চলো বিয়ে করি।
এরপর মজার ছলে অভিনেতা বলেন, ‘তুমি আমাকে প্রায় ১০০ বার জিজ্ঞেস করেছ।’ করণ তখন রাশমিকার দিকে ফিরে জানতে চান, সত্যিই কি তিনি বিজয়কে এতবার বিয়ের কথা বলেছিলেন?
মুচকি হেসে রাশমিকা বলেন, ‘আমি তো পুরো এক বছর ধরেই ওকে বলেছি।’ তার এই স্বীকারোক্তিতে অবাক হয়ে যান সঞ্চালক করণ জোহর।
পরিস্থিতি সামাল দিতে বিজয় বলেন, ‘আমি তো আর খারাপ মানুষ নই!’ এ তারকা দম্পতির এমন খুনসুটিতে ট্রেলারজুড়েই উঠে এসেছে তাদের ব্যক্তিগত জীবনের মজার সব ঘটনা।
উল্লেখ্য, ২০১৮ সালে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার পরিচয় হয় তেলুগু রোমান্টিক সিনেমা ‘গীতা গোবিন্দম’-এর হাত ধরে। পরের বছর ‘ডিয়ার কমরেড’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেন তারা। সেই সময় পর্দায় তাদের রসায়ন দেখে বাস্তব জীবনেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে নিজেদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন মুখ খোলেননি এ তারকা জুটি।



