নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এর আগে নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চা পান করেন তিনি।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ যান রাষ্ট্রদূত।
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তিনি একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা করছিলেন। বিশেষ করে এমন একটি স্থানে যেতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি।
পূজামণ্ডপের সাজসজ্জা ও উৎসবের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় আন্তরিক আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদও জানান রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। পাশাপাশি পূজামণ্ডপের ঐতিহ্য ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এই সময় আরও ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ কমিটির অন্যান্য নেতারা।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।
নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনও পরিদর্শন করেন। এ সময় ফাউন্ডেশনের কারুপল্লিতে অবস্থিত জামদানি পল্লী ঘুরে দেখেন তিনি এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কে ধারণা নেন।
রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।



