অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্সের সুফল পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসির সর্বশেষ হালনাগাদ করা নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন স্বর্ণা। অন্যদিকে পাঁচ ধাপ উন্নতি হয়েছে শারমিনের।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৫৬১ রেটিং পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে রয়েছেন শারমিন। আর ৩২৫ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোয়েনা জোসেফের সঙ্গে যৌথভাবে ৮৬ নম্বরে উঠে এসেছেন স্বর্ণা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭১ বলে ৫৪ রানের কার্যকর ইনিংস খেলেন স্বর্ণা। একই ম্যাচে শারমিনের ব্যাট থেকে আসে ৯৩ বলে ৫০ রান। দুজনের এই পারফরম্যান্সই র্যাঙ্কিংয়ে উন্নতিতে ভূমিকা রেখেছে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। ব্যাটারদের তালিকায় এক ধাপ উন্নতি করে নবম স্থানে উঠেছেন এলিসা পেরি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও ১৪ ধাপ এগিয়ে ২৫তম অবস্থানে রয়েছেন তিনি। শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতক করা অ্যানাবেল সাদারল্যান্ড ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন।
এদিকে নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই খেলায় জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচে তিনটি করে উইকেট নেওয়া ভারতীয় বোলার নন্দনী শর্মা ২৬ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠেছেন। ক্রান্তি গৌড়ের উন্নতি হয়েছে নয় ধাপ, তিনি রয়েছেন ৪৩ নম্বরে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি অবস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চরণী ও দীপ্তি শর্মা। তালিকায় তাদের অবস্থান যথাক্রমে প্রথম ও দ্বিতীয়।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পরও র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে। বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। নিউজিল্যান্ডের জেস কের পাঁচ ধাপ উন্নতি করে ১৭তম, ব্রি ইলিং ছয় ধাপ এগিয়ে ২৩তম এবং নেনসি প্যাটেল পাঁচ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে রয়েছেন।
টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিন ও জর্জিয়া প্লিমারেরও উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে ৩৪তম স্থানে উঠেছেন গ্রিন। আর ১৩ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে রয়েছেন প্লিমার। তবে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।



