লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও একতরফা নিয়োগের অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর পৌরসভায় একই পরিবারের দুজনের ডিলারশিপ ও পশু খাদ্য বিক্রেতাকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দুইজন ব্যবসায়ী।
এছাড়া চন্দ্রগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থক বাহার উদ্দিনকে ডিলার নিয়োগের অভিযোগ করা হয়।
লক্ষ্মীপুর পৌরসভায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এনে হামিদুর রহমান ও ইয়াছিনুর রহমান নামের দুজন ব্যবসায়ী জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পৃথক লিখিত অভিযোগ করেন। তারা লক্ষ্মীপুর শহরের সার ব্যবসায়ী।
অন্যদিকে পৌরসভার সুপারিশপ্রাপ্ত ডিলার ইফাজ এগ্রোর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে একতরফা এবং বিধিমালা বহির্ভূতভাবে ডিলারশিপ দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া ডিলারশিপ পেতে হলে ২৫ মেট্রিক টন সার ধারণক্ষমতার স্থান থাকতে হবে, যা তার নেই।
তাই অভিযোগে ইফাজ এগ্রোর ডিলারশিপ বাতিল ও পুনঃবিজ্ঞপ্তির দাবি জানানো হয়।
লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ী আবদুর রহমান অভিযোগ করে বলেন, ইফাজ এগ্রোকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। তাদের পরিবারে অন্য একটি ডিলার রয়েছে এবং তারা পশু খাদ্য বিক্রেতা। তাদের এ নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি আমরা। বাজারে আরও প্রায় ২০-২৫ জন ব্যবসায়ী রয়েছেন, অথচ তারা কিছুই জানেন না। তাই ইফাজ এগ্রোর নিয়োগ স্থগিত করে পুনঃতদন্ত এবং পুনঃনিয়োগের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ বলেন, ডিলার এখনও নিয়োগ হয়নি, সুপারিশ হয়ে আসছে। এটি উপজেলা থেকে যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের সুপারিশ হয়ে আসছে। এখন অভিযোগ দিয়ে তো লাভ নেই। এখানে আমাদের হাতে কিছু নেই।



