ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেরকুটা গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছর বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরের দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু আকরাম ও হোসাইফা সৌদি আরবপ্রবাসী আক্কাস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শিশু দুটি বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে অচেতন অবস্থায় তাদের পাওয়া যায়।
তাদের পুকুর থেকে তুলে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন।
খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশু দুটি পুকুরে পড়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক বলেন, খেলতে গিয়ে শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে শিশু দুটির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



