বলিউড তারকা টাইগার শ্রফের ওপর হামলার সময় গুলিবিদ্ধ হওয়া ভক্ত উমেশ চৌহানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। পরিস্থিতি কিছুটা শান্ত হলে তিনি নিজে হাসপাতালে গিয়ে উমেশের সঙ্গে দেখা করবেন বলে আশ্বাসও দিয়েছেন।
সম্প্রতি একটি ফুটবল স্টেডিয়ামের বাইরে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। এদিন অ্যাকশন হিরো টাইগারকে একঝলক দেখতে স্টেডিয়ামের বাইরে অনেক ভক্ত জড়ো হয়েছিলেন, যার মধ্যে ছিলেন উমেশ চৌহানও।
টাইগারকে লক্ষ্য করে গুলি চালানো হলেও, সৌভাগ্যবশত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় অভিনেতা প্রাণে বেঁচে যান। তবে এই হামলায় টাইগারের গাড়িচালক এবং ভক্ত উমেশ চৌহান গুলিবিদ্ধ হন। বুকে গুলিবিদ্ধ অবস্থায় উমেশকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
ফোনে উমেশকে স্নেহের সঙ্গে ‘বেটা’ (ছেলে) বলে সম্বোধন করে জ্যাকি শ্রফ বলেন, ‘কোনো কিছুর প্রয়োজন হলে জানিও, বাবা।’ এরপর তিনি আরও বলেন, ‘পরিস্থিতি শান্ত হলে আমরা দেখা করতে আসব।
বর্তমানে মুম্বাইয়ের কে.ই.এম. হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উমেশ চৌহান। হাসপাতালের এক বুলেটিনে জানানো হয়েছে, গত ২১ অক্টোবর সকাল ৮টায় অস্ত্রোপচার করে তার বুক থেকে সফলভাবে গুলিটি বের করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এই হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। গ্যাংয়ের সদস্য অনিল পন্ডিত একটি অডিও ক্লিপ প্রকাশ করে দাবি করেছেন যে, অভিনেতা সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই টাইগার শ্রফকে টার্গেট করা হয়েছিল।



