মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ ও তার কাছাকাছি যাওয়ার চেষ্টার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতার নাম তানভীর জমাদ্দার। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সহসভাপতি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার বিকেলে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তানভীরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের পাশাপাশি তানভীরও সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।
এই ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তানভীরের খোঁজ শুরু করে এবং তাকে গ্রেপ্তার করে।
ওসি হাফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী গত শনিবার মিরপুরে ফুটপাত পরিদর্শন করতে এলে এক ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। পুলিশ ভিডিওটি পর্যালোচনা করে তানভীরকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।



