বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৭:৩৭ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৭:৩৭ পিএম
রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত

নিউজিল্যান্ডের দেওয়া ২২৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে নতুন ইতিহাস গড়েছে ভারত। ক্রাইস্টচার্চে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা। সঞ্জু স্যামসনের ঝোড়ো ব্যাটিং এবং শেষ দিকে নামান ধীরের বিধ্বংসী ফিনিশিংয়ে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটিই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে চলতি বছরের জানুয়ারিতে রায়পুরে নিউজিল্যান্ডের বিপক্ষেই ২০৯ রানের লক্ষ্য পেরিয়ে জিতেছিল ভারত।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। ৪০ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। শেষ দিকে দ্রুত রান তুলে ভারতকে কঠিন পরীক্ষার মুখে ফেলে স্বাগতিকেরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পালটা আক্রমণ চালায় ভারত। ওপেনিংয়ে সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ব্যাটে আসে ৯৩ রান। মাত্র ১২ বলে ২৯ রান করে বিদায় নেন অভিষেক। তবে অন্য প্রান্তে ঝড় অব্যাহত রাখেন স্যামসন। ৩৩ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের জয়ের ভিত গড়ে দেন এই উইকেটকিপার-ব্যাটার।

এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকেও আসে গুরুত্বপূর্ণ রান। ২৮ বলে ৪২ রান করে দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যান তিনি। তবে মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত।

সেই চাপ কাটিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন নামান ধীর। মাত্র ১২ বলে ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৮ রান। ম্যাট হেনরির ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে সমীকরণ সহজ করেন ধীর। এরপর চতুর্থ বলে ছক্কা মেরে ভারতের জয় নিশ্চিত করেন এই ব্যাটার।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে শনিবার (২৪ অক্টোবর), একই ভেন্যু ক্রাইস্টচার্চে। প্রথম ম্যাচে রেকর্ড গড়া জয় আত্মবিশ্বাস বাড়াবে ভারতীয় দলের, অন্যদিকে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে নিউজিল্যান্ড।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ