শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

আট দিনেই ৬০৬ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ওঠার অপেক্ষায় ‘জেলার ২’

আট দিনেই ৬০৬ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ওঠার অপেক্ষায় ‘জেলার ২’...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ৮:৫০ পিএমসর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ৮:৫০ পিএম
আট দিনেই ৬০৬ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ওঠার অপেক্ষায় ‘জেলার ২’

রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ বক্স অফিসে দাপট দেখিয়ে মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৬০০ কোটি রুপির আয়ের মাইলফলক পেরিয়েছে। এর ফলে সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ছবিটি।

আয়ের দৌড়ে পেছনে ফেলেছে নিজের প্রথম পর্ব ‘জেলার’, বিজয় অভিনীত ‘লিও’ এবং রজনীকান্তের আরেক সিনেমা ‘কুলি’কে। এবার সিনেমাটির লক্ষ্য তালিকার শীর্ষে থাকা ‘২.০’-এর রেকর্ড ভাঙা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি উদ্বোধনী সপ্তাহান্তের জন্য ৮০ কোটি রুপি আয় করে। মুক্তির প্রথম চার দিনেই বিশ্বজুড়ে আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যায়। এরপর দশেরা উৎসবের ছুটিতেও ভালো ব্যবসা করে সিনেমাটি। তবে মুক্তির সপ্তম ও অষ্টম দিনে আয়ের গতি কিছুটা কমে আসে।

মুক্তির অষ্টম দিনে ভারতে সিনেমাটি নিট ১৭ কোটি রুপি আয় করেছে। এর ফলে বর্ধিত উদ্বোধনী সপ্তাহ শেষে দেশটিতে নিট আয় দাঁড়িয়েছে ৩৩৪ কোটি রুপি। মোট আয় বা গ্রস হিসাব করলে এই অঙ্ক ৩৯১ কোটি ৫৫ লাখ রুপি।

বিদেশের বাজারেও ভালো ব্যবসা করছে ‘জেলার ২’। মুক্তির আট দিনে আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটির আয় হয়েছে ২ কোটি ২৬ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ৬০৬ কোটি রুপি।

এর মাধ্যমে তামিল সিনেমার ইতিহাসে ৬০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করা চতুর্থ সিনেমা হয়েছে ‘জেলার ২’। একই সঙ্গে ৬০৪ কোটি রুপি আয় করা ‘জেলার’ এবং ৬০৫ কোটি রুপি আয় করা ‘লিও’কে পেছনে ফেলেছে এটি। এর আগে ৫১৮ কোটি রুপি আয় করা ‘কুলি’কেও ছাড়িয়ে যায় সিনেমাটি।

তালিকার শীর্ষে রয়েছে রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত শঙ্কর পরিচালিত ‘২.০’। সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৬৯১ কোটি রুপি। বর্তমান আয়ের ধারা অব্যাহত থাকলে দ্বিতীয় সপ্তাহান্তেই ‘জেলার ২’ এই রেকর্ড ভেঙে দিতে পারে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকেরা। এমনকি ৭০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছোঁয়ার সম্ভাবনাও রয়েছে।

নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ প্রযোজনা করেছে সান পিকচার্স। এতে ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। রম্যা কৃষ্ণন, যোগী বাবুসহ প্রথম পর্বের কয়েকজন অভিনয়শিল্পীও রয়েছেন।

নতুনদের মধ্যে আছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান ও সূরজ ভেঞ্জারামুডু। সিনেমাটিতে হৃতিক রোশন, মোহনলাল, শিবা রাজকুমার ও জ্যাকি শ্রফের বিশেষ উপস্থিতিও রয়েছে। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ