গাজীপুর মহানগরের পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতবাড়িতে আগুন লেগে দুই শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার সকালে পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকার মিয়াজ উদ্দিন প্রধানের টিনের আধাপাকা বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় দগ্ধ হয়েছেন মো. রুবেলের স্ত্রী সুবর্ণা আক্তার এবং তাদের ছেলে সাইয়ান (৬) ও সোয়াত (৪)।
প্রাথমিক তথ্যানুযায়ী, আগুনে বাড়িটির ছয়টি কক্ষ, একটি মোটরসাইকেল, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ তাসরাফ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।



