গাইবান্ধার সাঘাটা উপজেলায় কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে খোরশেদ আলম (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি গরু, চারটি ছাগল ও নগদ ৩২ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া-কুমারপাড়া এলাকার সীমান্তঘেঁষা চরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৃত খোরশেদ আলমের বাবার নাম গফুর হাজী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন খড় ও ছনের ছাউনি দিয়ে তৈরি পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা গরু-ছাগল, নগদ টাকা ও অন্যান্য মালামালের সঙ্গে আগুনে পুড়ে প্রাণ হারান খোরশেদ আলম। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘর ও ঘরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
মৃতের এক ভাতিজা অগ্নিকাণ্ডে তার চাচার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে ঘরসহ একটি গরু, চারটি ছাগল ও নগদ ৩২ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। পরে লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, খোরশেদ আলমের দুই ছেলে ও তিন মেয়ে। মেয়েদের বিয়ে হয়েছে অনেক আগেই। জীবিকার তাগিদে দুই ছেলে বাড়ির বাইরে থাকেন। তার স্ত্রী থাকতেন বটতলা মথরপাড়া গ্রামে। ফলে ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা তার সঙ্গে ছিলেন না। আগুনে ওই পরিবারের আরও তিনটি গরু দগ্ধ হয়েছে, সেগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হলদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পরে নিহত বৃদ্ধের লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করা হয়।



