না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই চলচ্চিত্রের পরিচালক বি এইচ নিশান। ২৪ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি মৃত্যুবরণ করেন। আরেক চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রয়াত বি এইচ নিশানের জানাজার নামাজ রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
তবে এই পরিচালকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্রে পরিচালক হিসেবে কাজ করা বি এইচ নিশানের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বদলা নেব’, ‘রাজা রানী’ ও ‘নারীর শক্তি’।
পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ রচনার ক্ষেত্রেও যুক্ত ছিলেন তিনি। প্রয়াত চিত্রনায়ক সুপারস্টার মান্না অভিনীত জনপ্রিয় সিনেমা ‘লাল বাদশা’র কাহিনি ও সংলাপ রচনাতেও বি এইচ নিশানের সম্পৃক্ততা ছিল।
বাংলা সিনেমায় নিজের কাজ দিয়ে ঢালিউডে নিজের স্বকীয়তা তুলে ধরেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে শোকের আবহ।



