শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

চলন্ত ট্রেন থেকে ইঞ্জিনসহ তিন বগি বিচ্ছিন্ন

চলন্ত ট্রেন থেকে ইঞ্জিনসহ তিন বগি বিচ্ছিন্ন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৬:৫০ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৬:৫০ পিএম
চলন্ত ট্রেন থেকে ইঞ্জিনসহ তিন বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ইঞ্জিনসহ তিন বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে দক্ষিণ গফরগাঁওয়ের মশাখালী-কাওরাইদ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে।

গফরগাঁওয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এইচএম বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দুপুর ৩টা ২৫ মিনিটে গাজীপুরের কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে চলন্ত ট্রেনের হুক ভেঙে ইঞ্জিনসহ তিন বগির সংযোগ বিচ্ছিন্ন হয়। বিষয়টি চালকের নজরে এলে তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।

এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে এ রেলপথে বিকাল ৫টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। ফলে ওই পথে চলাচলকারী অন্যান্য ট্রেনও কিছু সময়ের জন্য বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মশাখালী রেলওয়ে স্টেশনমাস্টার মো. মাসুম মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ-মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে হুক ভেঙে ইঞ্জিনসহ তিন বগির সংযোগ বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলোর সংযোগ হুক মেরামত করতে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে আসেন। মেরামতের কাজ শেষ হলে ট্রেনটি পুনরায় বিকাল ৫টার দিকে নির্ধারিত গন্তব্য মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ