ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আজ রোববারও বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।
শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে সকাল থেকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এসআই আব্দুল করিম বলেন, শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল বিক্ষোভের সময় বহিরাগত ১৩ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার আতঙ্কে শ্রমিক নেতাদের অনেকে আতঙ্কে আছেন বলে জানা গেছে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক সফিউল আলম অভিযোগ করেন, রাতে গাজীপুরে তার বাসায় অভিযান চালানো হয়েছে।



