রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৩:৪৭ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৩:৪৭ পিএম
সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছিল অস্ট্রেলিয়া। তবে প্রোটিয়াদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর চলতি চক্রে প্রথমবারের মতো তিন নম্বরে নেমে গেছে দলটি। এর আগে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল অজিরা। পরপর দুই সিরিজে প্রত্যাশিত ফল না পাওয়ায় এখন দলটির পারফরম্যান্স ও খেলোয়াড় পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ১৭৬ রানের বড় ব্যবধানে হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও দলে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেন, প্রতিটি সিরিজ হারের পরই দল পুনর্গঠন কিংবা পরিবর্তনের আলোচনা ওঠে। টানা দুই ম্যাচে পরাজয়ের পর এমন আলোচনা হওয়াটাও স্বাভাবিক।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা সময় চেয়েছেন কামিন্স। তার মতে, অস্ট্রেলিয়া এখনো ভালো দল হলেও শীর্ষস্থান পুনরুদ্ধার করতে হলে পারফরম্যান্সে উন্নতি জরুরি। প্রয়োজনে খেলার কৌশল পরিবর্তনের পাশাপাশি একাদশেও পরিবর্তন আনা হতে পারে। দলের ভেতরে আলোচনা ও পর্যালোচনা করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ ড্র করার পর অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ছিল ৭৫। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর তা কমে দাঁড়িয়েছে ৬৯.২৩ শতাংশে। অন্যদিকে সিরিজজয়ী দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ ৬৬.৬৭ থেকে বেড়ে হয়েছে ৭১.৪২। ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছে প্রোটিয়ারা। ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড।

শেষ টেস্টের পঞ্চম দিনে ২৮৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা তার প্রথম স্পেলেই অজি টপ অর্ডারে ধস নামান। ম্যাট রেনশকে শূন্য, মারনাস লাবুশেনকে ৪ এবং ট্র্যাভিস হেডকে ১৪ রানে ফিরিয়ে দেন তিনি। এরপর স্পিনার সিমন হারমারের ঘূর্ণিতে আরও বিপাকে পড়ে সফরকারীরা। হারমার একাই শিকার করেন ছয় উইকেট।

ম্যাচ শেষে কামিন্স মজা করে বলেন, রাবাদার করা প্রথম ওভারেই সম্ভবত অস্ট্রেলিয়া ম্যাচটি হেরে বসেছিল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ