মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

জ্বালানির দাম বাড়ানো হয়েছে দীর্ঘমেয়াদি কল্যাণের কথা চিন্তা করেই: জাহেদ

জ্বালানির দাম বাড়ানো হয়েছে দীর্ঘমেয়াদি কল্যাণের কথা চিন্তা করেই: জাহেদ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৩:৪৬ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৩:৪৬ পিএম
জ্বালানির দাম বাড়ানো হয়েছে দীর্ঘমেয়াদি কল্যাণের কথা চিন্তা করেই: জাহেদ

দীর্ঘমেয়াদি কল্যাণের কথা চিন্তা করেই সরকার জ্বালানির দাম বাড়িয়েছে, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে দাম কমালে দেশেও জ্বালানির দাম কমানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, 'বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি খাত অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। কবে এই পরিস্থিতি ভালোর দিকে যাবে সেটা কেউ বলতে পারছে না। দাম না বাড়ালে ঋণ করে বা টাকা ছাপিয়ে ভর্তুকি দিতে হবে। সেক্ষেত্রে পরিস্থিতি কী হবে সেই চিন্তাও সরকার করেছে।'

'সরকার এভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে চায় না। তবে এই সরকার কী পরিস্থিতিতে দাম বাড়াচ্ছে তা সবাই বুঝতে পারছেন,' যোগ করেন তিনি।

অতীতে জ্বালানির মূল্যবৃদ্ধিতে তৎকালীন (আওয়ামী লীগ) সরকারের আমলে অ্যাক্টিভিস্ট হিসেবে নিজের করা সমালোচনার কথা মনে করিয়ে দেওয়ার জবাবে জাহেদ উর রহমান বলেন, 'ওই সময়ে যে পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানো হয়েছিল, তা বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনীয় নয়।'

যুক্তি দেখিয়ে তিনি বলেন, 'চলতি বছরে জ্বালানি খাতে ভর্তুকির জন্য ৪৮ হাজার কোটি রাখা হলেও আড়াই মাসে এর অর্ধেক ভর্তুকি দিতে হয়েছে।'

এমন পরিস্থিতি অতীতের কোনো সরকারের সময় হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, 'বিএনপি সরকার কোন পরিস্থিতিতে, কেন জ্বালানির দাম বাড়াতে বাধ্য হচ্ছে সেই বিষয়টি পরিষ্কার, এখানে লুকোচুরির বিষয় নেই।'

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ বলেন, 'শুধু ডিসেম্বরেই নয়, শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে। এমন চেষ্টা প্রতিহত করা হবে।'একইসঙ্গে এ সংক্রান্ত প্রশ্নের বিষয়ে নতুনভাবে কিছু বলতে চান না জানিয়ে তিনি বলেন, 'শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন, আমার ব্যাখ্যা ভুল প্রমাণিত হলে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করব।'

সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, 'পুলিশের বলপ্রয়োগ করার আইনি অধিকার আছে। পুলিশ আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে, যদি সেই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়, আইনি অধিকারের মধ্যে। কিন্তু যে কথাটা বারবার বলছি, সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে এবং প্রপোরশনেট বল প্রয়োগের মাধ্যমে।'

সরকার আগের শোষকদের মতো আন্দোলন দমনের পথে যেতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, 'বাংলাদেশের পুলিশ কখনো হাসিনার পুলিশের মতো হবে না।'

সামাজিক যোগাযোগমাধ্যমে কোথাও কোথাও অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের ঘটনা দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, 'এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন, কোথাও কোথাও ডিসপ্রপোশনেট বলপ্রয়োগের ঘটনা ঘটেছে। দীর্ঘসময় যেভাবে তারা কাজ করে এসেছে সেগুলোর প্রভাব হয়তো কোথাও কোথাও পড়ে।'

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ