মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সরকারের ব্যর্থতায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে: নাহিদ ইসলাম

সরকারের ব্যর্থতায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে: নাহিদ ইসলাম...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৬:৫৯ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৬:৫৯ পিএম
সরকারের ব্যর্থতায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক আন্দোলন সরকারের ব্যর্থতার কারণেই আরও জটিল রূপ নিয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পাবনা শিল্পকলা একাডেমিতে দলীয় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে সম্পূর্ণ যৌক্তিক অভিহিত করে নাহিদ বলেন, ‘সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আন্দোলনটি আজ সংকটজনক পরিস্থিতিতে এসে পৌঁছেছে। শ্রমিকদের অসন্তোষের বিষয়টি আগেই দৃশ্যমান হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এই সংকটকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার যদি সময়মতো সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে আন্দোলন এই পর্যায়ে আসত না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা কয়েকশ আন্দোলন সফলভাবে মোকাবিলা করেছি। কিন্তু বর্তমান প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা ও আন্দোলন নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধি সংক্রান্ত পূর্ববর্তী আন্দোলনের সময় বিএনপি শ্রমিকদের পক্ষে দাঁড়ালেও এখন তারা ক্ষমতায় থেকেও কেন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, এমন প্রশ্ন তোলেন নাহিদ।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্ট শক্তির ইন্ধন রয়েছে বলে সরকারের দাবির সমালোচনা করে তিনি বলেন, ‘সরকারের দুর্বল নীতি ও উদ্যোগের কারণেই এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে পড়লে তার সম্পূর্ণ দায়িত্ব সরকারকেই নিতে হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যবসা রক্ষা, সমর্থন ও আশ্রয় দিচ্ছে বিএনপি, যার ফলে ফ্যাসিবাদী শক্তিগুলোর মাথাচাড়া দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

বিগত আট মাসে বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষা ও জনরোষ সামাল দেওয়ায় চরমভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হলেও বর্তমান সরকারের ওপর জনগণের কোনো আস্থা না থাকায় আন্দোলন দীর্ঘায়িত হচ্ছে।

ডিসেম্বর প্রসঙ্গে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডিসেম্বর মাস নিয়ে ছড়ানো অপপ্রচার রাজপথেই প্রতিহত করা হবে। ১৯৭১ সালের মতো ডিসেম্বর মাস সবসময়ই জনগণের।

একইসঙ্গে তিনি ডিসেম্বরে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে সরকারের দুর্বল ও অনুগত পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, চুক্তি নবায়ন বা নতুন আলোচনার উদ্যোগ না নিয়ে সরকার উল্টো ভারতকে ট্রানজিট করিডোর দেওয়ার পরিকল্পনা করছে।

সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে এনসিপি রাজপথে সোচ্চার থাকবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ