ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ২০২২ সালে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি করেন।
পরীমণির আইনজীবী মজিবুর রহমান সাংবাদিকদের জানান, আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।
তিনি বলেন, পরীমণি আগামীকাল আদালতে আত্মসমর্পণ করে এ মামলায় জামিন চাইবেন।
আদালত সূত্র জানায়, আজ মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ পরীমণির জামিন বাতিল চেয়ে আবেদন করে। তবে পরীমণি অ্যালার্জিজনিত অসুস্থতায় ভুগছেন এবং এ কারণে আদালতে হাজির হতে পারেননি জানিয়ে আসামিপক্ষ সময়ের আবেদন করে। পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন গ্রহণ করে পরীমণির জামিন বাতিল করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।






