ভোলার দৌলতখান বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ব্যবসায়ীদের তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান।
নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও। গত বুধবার বিকালে দৌলতখান পৌরসভা বাজার পরিদর্শনকালে ইউএনও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের এ নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠায় দীর্ঘদিন ধরে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে যানজট কমার পাশাপাশি জনসাধারণের চলাচল সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান জানান, ফুটপাত দখলমুক্ত করা হলে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং বাজারের পরিবেশ আরও সুশৃঙ্খল হবে। জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।






