সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

স্বাস্থ্য ও চিকিৎসা

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৯:৩২ এএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৯:৩২ এএম
মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। আর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে। শনিবার রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাতে তিনি জানান, প্রথমে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ওই তারিখে পরীক্ষা আয়োজন সম্ভব হচ্ছে না। এ ছাড়া ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় সব দিক বিবেচনা করে ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন শুরুর সময় সম্পর্কে অধ্যাপক নাজমুল হোসেন বলেন, আগামী দু-এক দিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় জিপিএ, আসনসংখ্যা, পরীক্ষার নম্বর বণ্টন ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ জন্য ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে। ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।

তবে পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ১৮ ডিসেম্বরের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বিষয়টি সরকার সিদ্ধান্ত নেবে। ফলে পুনঃপরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তির সুযোগ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

অন্যদিকে, আগামী শিক্ষাবর্ষে ঠাকুরগাঁও ও নরসিংদীতে নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি কলেজে ৫০টি করে আসন রাখার পরিকল্পনার কথা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ