নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় তার বোনজামাই গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজন নারীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম মনা (২১) ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান আজ সোমবার সকালে এসব তথ্য জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের সদস্যরা নিজ নিজ ঘরে চলে যান।
রাত ১০টার দিকে মনা তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে আবারও বাগবিতণ্ডায় জড়ান। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয়রা তাদের নিবৃত্ত করে বাড়ি পাঠিয়ে দেন। তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে।
পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আসেন। এরপর ছুরি নিয়ে ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বুলুর বসতঘরের সামনে যান। ওই সময় ঘরের দরজার সামনে বসেছিলেন মনা।
একপর্যায়ে আরমান ও ফুয়াদ মনার ওপর হামলা চালান। তারা তার বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যান মামুন। এ সময় তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয়রা আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই নারীকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।






