প্রথম বিশ্বযুদ্ধে নিহত ও আত্মত্যাগকারী সৈনিকদের স্মরণে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ স্মরণ আয়োজন। বুধবার (১১ নভেম্বর) রিমেমব্র্যান্স ডে উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক কর্মকর্তা ও প্রতিনিধিরা একত্রিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যুদ্ধে জীবন উৎসর্গকারী ব্যক্তিদের স্মরণ করা হয়। এ সময় সামরিক পোশাকে উপস্থিত প্রতিনিধিদের স্যালুট ও নীরব শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।
ব্রিটিশ হাইকমিশন ঢাকার এক বার্তায় জানানো হয়, বাংলাদেশ জুড়ে স্মরণ আয়োজনে অংশ নিয়েছে হাইকমিশন। এসব আয়োজনে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যারা দায়িত্ব পালন করেছেন এবং আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণ করা হয়েছে।
প্রতি বছর ১১ নভেম্বর বিশ্বজুড়ে রিমেমব্র্যান্স ডে পালন করা হয়। ১৯১৮ সালের ১১ নভেম্বর সকাল ১১টায় প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দিনটি পালিত হয়ে আসছে।
দিবসটির প্রতীক লাল পপি ফুল। যুদ্ধক্ষেত্রে নিহত ও আত্মত্যাগকারী সৈনিকদের স্মরণে এই ফুল ব্যবহার করা হয়। দিবসটির মূল বার্তা ‘Lest We Forget’ অর্থাৎ আমরা যেন তাদের কখনো ভুলে না যাই।






