কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
ডিবিতে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) রবিউল উদ্দিন জনি বাদী হয়ে আজ বুধবার কুষ্টিয়া সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারে ছাত্রদলের বিভিন্ন কমিটির বর্তমান ও সাবেক ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আসামি রয়েছে ৩০-৪০ জন।
তারা হলেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সংগ্রাম (২৬), সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সম্রাট (২৪), তানভীর (২৫) ও কাদের (২৪)।
এছাড়া, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি পাপন (২৪), যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ শাহরিয়ার জয় (২৩) ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুলকে (২২) মামলায় আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশের মাধ্যমে সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা, মারধর, অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী সাংবাদিকদের বলেন, ‘এমন একটি ঘটনা আমি শুনেছি।
তিনি জানান, সংগ্রাম কুষ্টিয়া পৌর ছাত্রদলের সদস্য, জীবন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক (২) ও কাদের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
সম্রাট ও তানভীরের দলীয় পদের ব্যাপারে নিশ্চিত করতে না পারলেও পুলিশ জানিয়েছে, তারা ছাত্রদলের নেতা।
পুলিশের দাবি, কুষ্টিয়া সরকারি কলেজের ২ নম্বর গেটের পাশে কয়েকজন মাদক কেনাবেচা করছে—এমন তথ্য পেয়ে ডিবি সদস্যরা গত রাত পৌনে ৯টার দিকে অভিযান চালায়।
‘সে সময় এক ব্যক্তি পালানোর সময় তাকে আটকের চেষ্টা করা হয়,’ উল্লেখ করা হয়েছে এজাহারে।
এতে আরও বলা হয়, এজাহারনামীয় আসামিসহ ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশ সদস্যদের ঘিরে ধরে। এক পর্যায়ে তারা পুলিশের কাজে বাধা দেন এবং লোহার রড ও কাঠের বাটাম দিয়ে পুলিশ সদস্যদের মারধর, অস্ত্র-গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং রিকুইজিশনের নেওয়া মাইক্রোবাসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ লাইন্স ও থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান।
আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসা নেন।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার।
তিনি সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা সর্বাত্মক লকডাউন প্রতিহত করতে যখন দেশপ্রেমিক ছাত্রসমাজ রাজপথে অবস্থান নিয়েছে, ঠিক সেই মুহূর্তে ডিবির কয়েকজন সদস্য কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কী উদ্দেশ্যে বিবাদে জড়ালো সেটা উদঘাটন জরুরি।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাকির সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে ওই অভিযান মাদকের বিরুদ্ধেই ছিল বলে দাবি করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। তিনি সাংবাদিকদের বলেন, ‘ওখানে আমরা মাদকবিরোধী অভিযানে গিয়েছিলাম। আমাদের টিম গিয়েছিল। সেখানে মাদকসেবীদের সঙ্গেই এই দ্বন্দ্বটা হয়।
এই পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, অভিযান অব্যাহত আছে।
যোগাযোগ করা হলে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, ‘পুলিশকে আমরা আগেই বলেছিলাম মাঝে মাঝে অভিযান চালাতে এবং আমাদের অবগত করতে। সেদিন আমরা ছিলাম না কেউ, এ জন্য হয়তো অবগত করেনি।






