শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সাভার ও আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৫০ কারখানায় ছুটি

সাভার ও আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৫০ কারখানায় ছুটি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ৬:৩৫ পিএমসর্বশেষ: ১১ নভেম্বর ২০২৬, ৬:৩৫ পিএম
সাভার ও আশুলিয়ায় শ্রমিক–পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৫০ কারখানায় ছুটি

আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এবং হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের ঘটনায় আজ সাভার ও আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করে কারখানা থেকে বেরিয়ে সড়কে নামার চেষ্টা করেন। পরে জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর পদ্মারমোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় শ্রমিক-পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

হেমায়েতপুর পদ্মারমোড় এলাকার বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, সকাল থেকে পরিস্থিতি ভালোই ছিল। মাঝখানে দুই-একটি গার্মেন্টসে বহিরাগতরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে তারা শ্রমিক কি না, সে বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। বহিরাগতরা হেমায়েতপুরকেন্দ্রিক গার্মেন্টসগুলোতে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেছিল। তবে আমরা খুব সহজেই তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিবেশ-পরিস্থিতি খুবই ভালো আছে।

পুলিশের এই কর্মকর্তা অভিযোগ করেন, মজুরি বোর্ড গঠনের পরও তৃতীয় একটি পক্ষ শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের যে বিষয়বস্তু ছিল, তা হলো মজুরি বোর্ড গঠন। ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের বলা হয়েছে, শিগগির এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে। এ নিয়ে বৈঠকও হয়েছে। তৃতীয় একটি পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করে নিজেদের অন্য কোনো উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। এমন একটি গোষ্ঠী এর মধ্যে ঢুকে পড়েছে। এ কারণেই পরিস্থিতি এমন হচ্ছে।

দুপুরের দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, পরিবেশ স্বাভাবিক আছে। সকালে আশুলিয়ার জামগড়া ও সাভারের পদ্মার মোড় এলাকায় কিছুটা ঝামেলা হয়েছিল। শ্রমিক ও বহিরাগতরা সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু সাংবাদিকদের বলেন, আজও শিল্পাঞ্চল আশুলিয়া ও সাভারের পদ্মারমোড় এলাকায় শ্রমিক অসন্তোষ হয়েছে।

তিনি বলেন, সকালে জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সাভারের পদ্মার মোড় এলাকায়ও শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

আন্দোলনে তৃতীয় পক্ষের যোগসাজশের পুলিশের দাবি প্রত্যাখ্যান করে মিন্টু প্রশ্ন তোলেন, শিল্প এলাকায় যেখানে ভারী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেখানে কীভাবে বহিরাগতরা প্রবেশ করতে পারে?

গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবির পরিপ্রেক্ষিতে সরকার গত ১ নভেম্বর একটি মজুরি বোর্ড গঠন করে। তবে ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত এই বোর্ড গঠনের পরও শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ অব্যাহত রয়েছে।

পুলিশ অস্থিররাতার জন্য তৃতীয় পক্ষের সম্পৃক্ততা ও সমর্থনকে আংশিক দায়ী করছে। তবে শ্রমিকেরা দাবি করছেন, তারা নিজেরাই এই আন্দোলন করছেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন সাংবাদিকদের বলেন, শ্রমিকদের মূল দাবি ছিল ন্যূনতম মজুরি ঘোষণা। মজুরি বোর্ড গঠন কিন্তু তাদের দাবি না।

আন্দোলনে তৃতীয় পক্ষের যোগ দেওয়ার বিষয়ে পুলিশের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়া বলতে আমি মনে করি, গত দুই-তিন বছরে অনেক পোশাক কারখানা বন্ধ হয়েছে। অনেক শ্রমিক চাকরি হারিয়েছেন। তারা এখন রিকশা চালানো থেকে শুরু করে বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। মূলত শ্রমিকেরা আন্দোলন শুরু করলে তারা বিভিন্ন ক্ষোভ থেকে আন্দোলনে যোগ দেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ