নিকলী উপজেলা ও বাজিতপুর উপজেলায় মহিলা কলেজ চাইলেন সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নিজ নির্বাচনী এলাকায় দুটি মহিলা কলেজ স্থাপনের দাবি জানান তিনি।
শেখ মজিবুর রহমান ইকবাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য।
সংসদে নেপোলিয়ন বোনাপার্টের উক্তি টেনে তিনি বলেন, “নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, ‘আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব।’ মাননীয় স্পিকার, শিশুদের প্রথম শিক্ষক হলো মা। মা যদি শিক্ষিত হয়, সন্তানরাও শিক্ষিত হবে। অতএব আমার এলাকা নিম্নাঞ্চল, মেয়েদের পড়ালেখার ব্যবস্থা অপ্রতুল। অকালেই তারা শিক্ষা থেকে ঝরে যায়। জরুরি ভিত্তিতে আমার দুইটি উপজেলার নাম সংযোজন করে মেয়েরা যাতে শিক্ষিত হতে পারে সেই দিকে খেয়াল রাখার লক্ষ্যে আমার নামটি সংযোজন করা হোক।
তিনি বলেন, ‘কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রস্তাবের সঙ্গে নিকলী-বাজিতপুরে একটি করে মহিলা কলেজ সংযোজন করার জন্য আমি প্রস্তাব করছি।






