লোহার খাঁচায় বন্দী এক জোড়া বাঘের তীব্র গর্জন। এমন পরিস্থিতিতেই নির্যাতনে গুরুতর আহত মুক্তিযোদ্ধা সালাহউদ্দিনকে ঢুকিয়ে দেওয়া হলো সেই খাঁচায়। বাঘের থাবায় ক্ষতবিক্ষত হলো তার সারা শরীর। একপর্যায়ে বাঘের খাবারে পরিণত হলেন এই মুক্তিযোদ্ধা।
ঘটনাটি ঘটেছিল ১৯৭১ সালের ১২ নভেম্বর, ঠাকুরগাঁওয়ের ইপিআর সেক্টর হেডকোয়ার্টারে। দিনটি ছিল রমজান মাসের এক শুক্রবার। গবেষক বিলু কবিরের লেখা ‘প্রামাণ্য সালাহউদ্দিন’ ও সুকুমার বিশ্বাস সম্পাদিত ‘মুক্তিযুদ্ধে দিনাজপুর’ গ্রন্থে সালাউদ্দিনের ওপর চালানো সেই নৃশংসতার বিবরণ রয়েছে।
মুক্তিযুদ্ধের আগে সালাহউদ্দিন ছিলেন দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজের একাদশ শ্রেণির ছাত্র। একাত্তরের ১০ নভেম্বর রংপুরের পীরগঞ্জের জাবরহাটে মুক্তিবাহিনীর ক্যাম্পে অবস্থান করছিলেন তিনি। এ সময় সালাউদ্দিনের কাছে খবর আসে, পাকিস্তানি সেনারা তার বাবাকে আটক করে ইপিআর ক্যাম্পে নিয়ে গেছে। খবর শুনে তিনি ভেঙে পড়েন। সেদিন গভীর রাতে এক সহযোদ্ধাকে জানিয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। প্রায় ১১ মাইল পথ হেঁটে শেষরাতের দিকে বাড়ি পৌঁছান। বাড়িতে বাবাকে দেখে তিনি স্বস্তি পান এবং সিদ্ধান্ত নেন পরদিন সকালেই ক্যাম্পে ফিরে যাবেন।
তবে এটি ছিল তাকে আটক করার জন্য রাজাকারদের পাতা একটি ফাঁদ। সালাহউদ্দিনের বাড়ির আশপাশে গোপনে অবস্থান নিয়েছিল রাজাকারের গুপ্তচরেরা। শেষরাতে সালাহউদ্দিন বাড়ি পৌঁছানোর খবর তাদের মাধ্যমে রাজাকার ক্যাম্পে যায়। পরে রাজাকাররা পাকিস্তানি ক্যাম্পে সালাহউদ্দিনের উপস্থিতির খবর পৌঁছে দেয়।
পরদিন সকালে সালাহউদ্দিনের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি আসার কয়েক ঘণ্টার মধ্যেই ছেলেকে আবার ছেড়ে দিতে চাননি তার মা। মায়ের অনুরোধে সালাহউদ্দিন কিছুটা সময় অপেক্ষা করেন। এর মধ্যেই রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সেনারা তার বাড়ি ঘেরাও করে। টের পেয়ে সালাহউদ্দিন পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান।






