রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /টেকনাফে মানব পাচারে ফাঁদ, ১৭ দিনে উদ্ধার ৯২
জাতীয়

টেকনাফে মানব পাচারে ফাঁদ, ১৭ দিনে উদ্ধার ৯২

টেকনাফে মানব পাচারে ফাঁদ, ১৭ দিনে উদ্ধার ৯২...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ৪:২০ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
টেকনাফে মানব পাচারে ফাঁদ, ১৭ দিনে উদ্ধার ৯২

একজন রাজমিস্ত্রিকে নির্মাণকাজের কথা বলে ডেকে নিয়ে বন্দি করা হয়। পরে সশস্ত্র পাহারায় তাকে তোলা হয় ট্রলারে। পরিচিতের সঙ্গে দেখা করতে গিয়ে আরেক তরুণ বন্দি হন একটি বাড়িতে। অন্যদিকে, অপহৃত ছেলেকে ছাড়িয়ে নিতে এক পরিবারের কাছে দাবি করা হয় ১ লাখ ২০ হাজার টাকা।

তাদের অভিজ্ঞতায় উঠে এসেছে, কক্সবাজারের টেকনাফে নানা কৌশলে মানুষকে পাচারের ফাঁদে ফেলছে চক্রগুলো। কখনো চাকরির প্রলোভন, কখনো মালয়েশিয়া যাওয়ার প্রতিশ্রুতি, আবার কখনো পরিচিতজনের সঙ্গে দেখা করতে গিয়ে মানুষ তাদের কবলে পড়ছেন।

বেঁচে ফেরা ব্যক্তিরা জানান, তাদের পাহারা দিয়ে রাখা বাড়ি ও দুর্গম পাহাড়ি আস্তানায় আটকে রাখা হয়। পরে সাগরে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রধারীরা তাদের ও পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

সাম্প্রতিক দুটি অভিযানে পাচার হওয়া ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে কক্সবাজারের লাবণী পয়েন্টের কাছে একটি ট্রলার থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়। আর গতকাল রোববার ভোরে টেকনাফে পাঁচ নারী ও আট মাসের এক শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করে যৌথ বাহিনী।

এর আগে ৫ নভেম্বর টেকনাফে ৫৬ জনকে উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে ১৭ দিনে মানব পাচার-সংশ্লিষ্ট তিনটি ঘটনায় উদ্ধার হয়েছেন ৯২ জন।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা এখন নারী ও অবিবাহিত তরুণীদের বেশি টার্গেট করছে।

তিনি বলেন, ‘বেকারত্ব, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত জীবন এবং মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা, এসব কারণে শরণার্থীরা সহজেই এ ধরনের প্রলোভনে পা দিচ্ছেন।

রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হাবিব এর আগেসংবাদমাধ্যমকে বলেছিলেন, শীত মৌসুমকে সামনে রেখে পাচারকারীরা পরিবারগুলোকে ফাঁদে ফেলার চেষ্টা বাড়িয়েছে। সাধারণত এ সময় সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা বাড়ে।

শুক্রবার রাত ১১টার দিকে একটি কাঠের ট্রলার কক্সবাজারের লাবণী পয়েন্টে এসে আটকে যায়। ট্রলারের কয়েকজন যাত্রী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন নারী ও শিশুসহ ২৮ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ পৌঁছানোর আগেই ট্রলারের অন্য যাত্রী ও পাচারকারী চক্রের সন্দেহভাজন সদস্যরা পালিয়ে যান।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। কেউ বলেছেন, তারা নিজেরাই মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। আবার কেউ অভিযোগ করেছেন, তাদের অপহরণ করে অস্ত্রের মুখে জোর করে ট্রলারে তোলা হয়েছিল।

কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা রাজমিস্ত্রি আখতার বলেন, এক ব্যক্তি তাকে নালা নির্মাণের কাজ দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু কাজের বদলে তাকে আটকে রাখা হয়। তার মুঠোফোন ও পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়। পরে সশস্ত্র পাহারায় তাকে ট্রলারে তোলা হয়।

আখতারের অভিযোগ, অপহরণকারীদের দাবির টাকা দিতে পারবেন না জানালে তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার হাতে কোপ দেন।

টেকনাফের ইলিয়াস বলেন, লিংক রোড এলাকায় ভাইকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়।

তার ভাষ্য অনুযায়ী, ১২ নভেম্বর তাকে ও অন্য বন্দিদের টেকনাফের মিঠাপানির ছড়া ঘাট থেকে ছোট নৌকায় করে সাগরে অপেক্ষমাণ একটি বড় ট্রলারে নেওয়া হয়।

সাত দিন তাকে ওই ট্রলারে রাখা হয়েছিল। এ সময় খাবার দেওয়া হতো খুব সামান্য। তাকে মারধর করা হয়। পাচারকারীদের নিজেদের মধ্যেও ঝগড়া হতে দেখেছেন তিনি।

আরেক উদ্ধার হওয়া ব্যক্তি হেলাল উদ্দিনের অভিযোগ, সাধারণত মাছ রাখার জন্য ব্যবহৃত ট্রলারের একটি কক্ষে প্রায় ৭০ জনকে গাদাগাদি করে রাখা হয়েছিল।

উখিয়ার কোটবাজারের বাসিন্দা রিদুয়ান হোসাইন বলেন, টেকনাফে এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়ে তিনি ও তার দুই বন্ধু একটি বাড়িতে বন্দি হন। অস্ত্রধারীরা তাদের মুঠোফোন কেড়ে নেয়। আট থেকে নয় দিন তাদের পাহারায় রাখা হয়।

পরে রাতে তাদের মেরিন ড্রাইভের পাশের একটি সৈকতে নেওয়া হয়। সেখান থেকে দুটি ছোট নৌকায় করে সাগরে অপেক্ষমাণ একটি বড় ট্রলারে তোলা হয়।

রিদুয়ান বলেন, মুক্তিপণের টাকা নিয়ে বিরোধের জেরে বন্দিদের সঙ্গে অস্ত্রধারীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে অস্ত্রধারীরা পালিয়ে যান। পরে যাত্রীদের কয়েকজন ট্রলারটি কক্সবাজারের দিকে চালিয়ে নিয়ে আসেন।

আখতার অভিযোগ করেন, ছয়-সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছিল। তবেসংবাদমাধ্যম স্বাধীনভাবে এ অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি।

বন্দিদের ব্যবহার করে তাদের পরিবারের কাছ থেকেও টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

টেকনাফের বাসিন্দা আবু তাহের সাংবাদিকদের বলেন, তার ছেলে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরে তিনি জানতে পারেন, মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে পড়ে তার ছেলে বাড়ি ছেড়েছিলেন।

শুক্রবার উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন ১৮ বছর বয়সী তানজিদ ইকবাল ইমন। তার বাবা উখিয়ার রত্নাপালংয়ের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, কয়েক দিন আগে তার ছেলে নিখোঁজ হন।

পরে এক ব্যক্তি ফোন করে ছেলের কণ্ঠ শোনান। এরপর ছেলেকে ছাড়িয়ে নিতে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মিয়ানমারের পাচারকারীদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

উদ্ধার হওয়া আরেক ব্যক্তি মুক্তার হোসেন বলেন, এক ব্যক্তি তাকে ৩ লাখ ৫০ হাজার টাকায় মালয়েশিয়া নেওয়ার প্রস্তাব দেন। পরে সেই টাকা কমিয়ে ৩ লাখ করা হয়। কক্সবাজারে পৌঁছানোর পর তাকে অন্যদের সঙ্গে একটি কক্ষে আটকে রাখা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবারের উদ্ধার ঘটনার পর একটি মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ট্রলার থেকে কয়েকজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু শোনেননি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের লেঙ্গুরবিল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি অভিযান শুরু হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তথ্য ছিল, পাচারকারীরা ২০ থেকে ২৫ জনকে আটকে রেখেছে। তাদের সাগরপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।

যৌথ বাহিনী ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে পাচারকারী ও কয়েকজন বন্দি পালিয়ে যান। সেখান থেকে পাঁচজন নারী, দুজন পুরুষ ও আট মাসের এক শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়। তারা রোহিঙ্গা ক্যাম্প ১৮ ও ২০-এর বাসিন্দা। পরে তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে আইএসপিআর জানায়।

তবে ওই আটজন কীভাবে পাচারকারীদের হাতে পড়েছিলেন, সে বিষয়ে আইএসপিআরের বিবৃতিতে কিছু বলা হয়নি।

রোহিঙ্গা ক্যাম্পের সূত্রগুলো জানায়, শরণার্থী শিবিরে বসবাসকারী কিছু নারী মালয়েশিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে অবিবাহিত মেয়েদের পাচারকারী চক্রের কাছে নিয়ে যাচ্ছেন।

হাবিবের অভিযোগ, নারী ও মেয়েদের প্রলোভন দেখানো বা অপহরণের ঘটনায় রোহিঙ্গা ও বাংলাদেশি, দুই পক্ষের মধ্যস্থতাকারীরা জড়িত। সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য পরিবারগুলোর কাছ থেকে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা নেওয়া হচ্ছে।

সাগরে যাওয়ার পথের শুরু প্রায়ই টেকনাফের দুর্গম পাহাড়ে।

গত ৫ নভেম্বর হ্নীলার নুরালীপাড়ায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে মানব পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৬ জনকে উদ্ধার করা হয়। এ সময় সশস্ত্র পাচারকারীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হন। আটক করা হয় পাচারকারী চক্রের ছয় সন্দেহভাজন দালালকে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, চাকরির প্রলোভন দেখিয়ে তাদের সেখানে নেওয়া হয়েছিল। পরে সশস্ত্র পাহারায় আটকে রাখা হয়। সাগরপথে পাঠানোর অপেক্ষায় ছিলেন তারা।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের অভিযোগ, হ্নীলা ও বাহারছড়ার দুর্গম পাহাড়ে সশস্ত্র অপরাধী চক্রের আস্তানা গড়ে উঠেছে। নাফ নদীর সীমান্ত এলাকা থেকে মেরিন ড্রাইভের উপকূল পর্যন্ত এসব আস্তানা বিস্তৃত।

তাদের অভিযোগ, এসব চক্রের সদস্যরা মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য আটকে রাখেন। আবার কাউকে কাউকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে পাচারকারীদের কাছে বিক্রি করে দেন।

স্থানীয়দের চিহ্নিত করা এমন একটি এলাকা হলো নুরালী পাহাড়। টেকনাফ শহর থেকে এর দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এ পাহাড়ের অবস্থান। সন্দেহভাজন আস্তানাগুলো পাহাড়ের প্রায় এক কিলোমিটার ভেতরে।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি এলাকাটি দুর্গম। সেখানে সশস্ত্র অপরাধী চক্রের সদস্যদের উপস্থিতির কারণে সাধারণ মানুষের যাতায়াত ঝুঁকিপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়ে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উল্লাহর অভিযোগ, স্থানীয় পাহাড়গুলোতে পাঁচটি সশস্ত্র চক্র সক্রিয় রয়েছে। যারা মুক্তিপণের টাকা দিতে পারেন না, তাদের পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

তিনি বলেন, ‘এখানে আমরাও নিরাপদ নই।’ এলাকার মানুষের মধ্যে বিরাজ করা আতঙ্কের কথা তুলে ধরে তিনি এ কথা বলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম কয়েকটি অপরাধী চক্রের উপস্থিতির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩৪ মিনিট আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

৩৪ মিনিট আগে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

৩৪ মিনিট আগে
খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

৩৫ মিনিট আগে
অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

৩৫ মিনিট আগে
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৫ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

বাবার স্বপ্নপূরণে যোগ দেন পুলিশে, দায়িত্ব পালনের সময় ছুরিকাঘাতে নিহত

পরবর্তী সংবাদ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

০৩:১৪ PM

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

০৩:১৪ PM

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

০৩:১৪ PM

অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

০৩:১৪ PM