জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ভুল তথ্য থাকায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যালেন্ডারটির ছাপানো বন্ধ ও বিতরণ করা কপিগুলো ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি ব্যবহার করা হয়েছে। যে ছবিতে থাকা একটি ব্যানারে খালেদা জিয়াকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী’ ও ‘শেখ হাসিনার মা’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
গত শনিবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের এক সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্যালেন্ডারটি বিতরণ করা হয়।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যালেন্ডারটির উৎপাদন ও ছাপানোর কাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিতরণ করা কপিগুলো ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
কীভাবে এ ভুল হয়েছে এবং এর পেছনে কারও অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।







