ভাঙচুর ও লুটপাটের শিকার হওয়ার পর শনিবার রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। পরিদর্শন শেষে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তুলি জানান, টিকাদান কেন্দ্রে হামলা, দখল ও লুটপাটের ঘটনায় প্রশাসন তদন্ত চালাচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। একই সঙ্গে, ঘটনার পরও টিকাদান কার্যক্রম থেকে সাধারণ মানুষ বিচ্ছিন্ন হবেন না—এমন নির্দেশনা তার দিক থেকে দেওয়া হয়েছে।
টিকাদান সেবা নির্বিঘ্নে চালু রাখার লক্ষ্যে নিজের রাজনৈতিক কার্যালয় অস্থায়ীভাবে ব্যবহারের জন্য টিকাদান কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের কাছে অনুরোধ জানান তুলি। তিনি বলেন, রুহানি টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত মিরপুর-১ ঢাকার এই কার্যালয়টি প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে, যাতে জনস্বার্থে টিকা গ্রহণকারীদের সাময়িক সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়।
সংসদ সদস্য তুলি আরও জানান, টিকাদান কেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁর ভাষায়, নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি টিকাদান কেন্দ্রটি চালু রাখা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নিয়মিত টিকাদান সেবা নিতে পারেন, সে লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ওই টিকাদান কেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, মুখোশপরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করা হয় এবং ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।




