ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে বসেছে আন্তর্জাতিক ফ্যাশন প্রদর্শনী ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের মধ্যে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তাঁর ব্যতিচিত্র ফ্যাশন নকশায় সবার মনোযোগ আকর্ষণ করেছেন।
রাশমিকার পরনের গাউনটি অনামিকা খান্নার সর্বশেষ কতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অংশ। স্বচ্ছ কালো লেসের ওপর ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিড ওয়ার্ক এবং ক্রিস্টাল-স্টাডেড কারুকাজের সমন্বয়ে গাউনটি তৈরি হয়েছে। পোশাকটিতে আধুনিকতার সঙ্গে মিশেছে নাটকীয় আবহ।
তৈরি হতে লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা
ডিজাইনারের স্টুডিওতে গাউনটির নকশা তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ৩৫০ ঘণ্টা। কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে এবং বিভিন্ন ধরনের সারফেস এমবেলিশমেন্ট ব্যবহার করে জটিল নকশাটি ফুটিয়ে তোলা হয়েছে।
হাতাবিহীন ও হাই-নেক ডিজাইনের মেঝেছোঁয়া গাউনটিতে রয়েছে কাঠামোবদ্ধ কোরসেট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে ছড়িয়ে থাকা সিকুইনের ঝলক আছে, যা পোশাকে যোগ করেছে বাড়তি গ্ল্যামার। গলার কাছে স্থাপিত ক্রিস্টাল-স্টাডেড কলারও লুকের আকর্ষণ বাড়িয়েছে।
পোশাকের নকশাকেই প্রধান আকর্ষণ হিসেবে রাখতে রাশমিকা বেছে নিয়েছেন মিনিমাল গয়না। স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটির সঙ্গে যুক্ত করেছেন ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুট। হাতে ছিল গুচির ব্যাগ।
ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদযাপনকে সামনে রেখে এবারের আয়োজন সাজানো হয়েছে। রেনেসাঁর অলংকরণ, শিল্পবিপ্লব এবং ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন—বিভিন্ন ধরনের বিষয়কে কেন্দ্র করে এই আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের নানা দেশের তারকারা উপস্থিত ছিলেন।





