মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাইপর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
জুনিয়র ওয়ারিয়র্স ক্লাবের অধিনায়ক শাওন মিরাজ প্রশ্ন করেন, সবাই সাকিব আল হাসানের মতো হতে চায়। একজন যেন মেহেদী হাসান মিরাজের মতো হতে চান, তাহলে তাকে কী করতে হবে? এই প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব পরিচয় ও প্রতিভা রয়েছে। তাই অন্য কারও অনুকরণ করার বদলে নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়াই হবে উচিত।
জাতীয় দলের এই অলরাউন্ডার আরও বলেন, সাকিব তার নিজের জায়গায় অনন্য এবং তিনি নিজের মতো। তরুণ ক্রিকেটারদেরও নিজেদের পৃথক পরিচয় তৈরি করতে হবে। নিজের ওপর বিশ্বাস রেখে সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামলে লক্ষ্য অর্জন সম্ভব এবং সঠিক পথে এগোতে পারলে কেউ সাকিবের চেয়েও ভালো ক্রিকেটার হতে পারে বলে তিনি যুক্তি দেন।
মিরাজের মতে, কঠোর পরিশ্রমের পাশাপাশি মাঠে পারফরম্যান্সের মাধ্যমে নিজের প্রতিভা প্রমাণ করতে হবে। ক্যারিয়ারের খারাপ সময় কীভাবে সামলানো যায়—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রত্যেক খেলোয়াড়ের জীবনে ভালো ও খারাপ সময় আসে। কঠিন সময়ে মানসিকভাবে শক্ত থাকা, আত্মবিশ্বাস ধরে রাখা এবং পরিশ্রম অব্যাহত রাখা জরুরি। এ কাজগুলো করতে পারলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
পাওয়ারপ্লেতে বোলিংয়ের কৌশল নিয়ে মিরাজ বলেন, ব্যাটাররা সাধারণত দ্রুত রান সংগ্রহ করতে আক্রমণাত্মক ব্যাটিং করে ও মাঠে ফিল্ডার কম থাকে। ফলে বোলারের জন্য চ্যালেঞ্জ বাড়লেও উইকেটের সুযোগও তৈরি হয়। তবে অতিরিক্ত উইকেটের চেষ্টা করলে রান দেওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে তিনি ডট বলের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। ডেথ ওভারে বোলিংয়ের ক্ষেত্রে দ্বিধা না রেখে পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার থাকা এবং বিপর্যয়ের মুহূর্তে আত্মবিশ্বাস ধরে রেখে দলের মধ্যে ইতিবাচক মানসিকতা ছড়িয়ে দেওয়ারও পরামর্শ দেন তিনি।



