মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাইপর্বের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী শেষে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
অনুষ্ঠানে জুনিয়র ওয়ারিয়র্স ক্লাবের অধিনায়ক শাওন মিরাজকে প্রশ্ন করেন, সবাই সাকিব আল হাসানের মতো হতে চাইলে মেহেদী হাসান মিরাজ হতে কী করতে হবে। জবাবে মিরাজ বলেন, প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব পরিচয় ও প্রতিভা রয়েছে, তাই অন্য কারও পথ অনুসরণ না করে নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত। সাকিব তাঁর নিজের জায়গায় অনন্য এবং তিনিও নিজের মতো—এভাবেই তরুণ ক্রিকেটারদের নিজেদের পৃথক পরিচয় তৈরি করতে হবে।
ক্রিকেট ক্যারিয়ারের খারাপ সময় কীভাবে সামলানো যায়, এমন একটি প্রশ্নের উত্তরেও মিরাজ বলেন, প্রত্যেক খেলোয়াড়ের জীবনে ভালো ও খারাপ দুই ধরনের সময় আসে। কঠিন সময়ে মানসিকভাবে শক্ত থাকা, নিজের সম্পর্কে বিশ্বাস রাখা এবং পরিশ্রম চালিয়ে যাওয়া জরুরি। ইতিবাচক মানসিকতা ধরে রাখা সম্ভন হলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোও সম্ভব বলে জানান তিনি।
পাওয়ার প্লেতে বোলিংয়ের কৌশল নিয়ে কথা বলতে গিয়ে মিরাজ বলেন, আধুনিক ক্রিকেটে ব্যাটাররা সাধারণত আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান সংগ্রহ করতে চাইলে মাঠে ফিল্ডারও কম থাকে। এতে বোলারদের জন্য চ্যালেঞ্জ বাড়লেও উইকেট পাওয়ার সুযোগও বেড়ে যায়। তবে অতিরিক্ত উইকেটের চেষ্টা করলে রান দেওয়ার ঝুঁকি বাড়তে পারে, ফলে ডট বলের দিকে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। ডেথ ওভারে বোল করার আগে পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট থাকারও জোর দেন জাতীয় দলের এই ক্রিকেটার।
দলের বিপর্যয়ের মধ্যে মানসিক দৃঢ়তা ধরে রাখার বিষয়েও তরুণ খেলোয়াড়দের উপরদেশ দেন মিরাজ। তাঁর মতে, এমন পরিস্থিতিতে নিজের সঙ্গে কথা বলে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে সেই ইতিবাচক মানসিকতা সারা দলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কঠোর পরিশ্রমের পাশাপাশি মাঠে পারফরম্যান্সের মাধ্যমে নিজের প্রতিভা প্রমাণ করতে পারলে নিজের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।



