রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার টিকাদান কেন্দ্রে সন্ত্রাসী হামলার পর কার্যক্রম সাময়িকভাবে চালু রাখতে এগিয়ে এসেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। শনিবার আক্রান্ত কেন্দ্রটি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
রাজনৈতিক কার্যালয়ে টিকাদান সেবার প্রস্তাব
হামলার কারণে কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রমে ব্যাপত বিঘ্ন ঘটার পটভূমিতে মিরপুরস্থ নিজের রাজনৈতিক কার্যালয়টিকে আপাতত টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন তুলি। কার্যালয়টি রুহানি টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত। তবে এই ব্যবস্থা নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করা হবে।
গুম হওয়া পরিবারদের সংগঠন ‘মায়ের ডাকের’ অন্যতম সংগঠক হিসেবে পরিচিত সানজিদা ইসলাম তুলি বলেন, টিকাদান কেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নিয়মিত টিকাদান সেবা গ্রহণ করতে পারেন। চলমান টিকাদান কর্মসূচি কোনো কারণেই ব্যাহত হতে দেওয়া হবে না।
তদন্ত ও আইনানুগ ব্যবস্থার কথা
সরকারদলীয় সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য জানান, টিকাদান কেন্দ্রে হামলা ও দখলের ঘটনায় প্রশাসন তদন্তে রত আছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবি তিনি স্পষ্ট করে দেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যসেবা চলমান রাখার দায়িত্বও পালন করতে হবে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকাসহ অন্যান্য মালপত্র লুট করা হয় এবং ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।


