রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলার শিকার হওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। শনিবার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
টিকাদান কর্মসূচি সাময়িকভাবে চালিয়ে নিতে মিরপুরস্থ নিজের রাজনৈতিক কার্যালয়কে ব্যবহারের প্রস্তাব দেন তুলি। রুহানি টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত ওই কার্যালয়টি আপাতত টিকাদান কেন্দ্র হিসেবে কাজ করতে পারে বলে তিনি জানান।
সংসদ সদস্য বলেন, হামলা ও দখলের ঘটনায় প্রশাসন তদন্ত পরিচালনা করছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখা হবে বলে তিনি আশ্বাস দেন।
চলমান কর্মসূচি ব্যাহত না হওয়ার লক্ষ্যে টিকাদান কেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তুলি বলেন, এই ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নিয়মিত টিকাদান সেবা গ্রহণ করতে পারেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ওই টিকাদান কেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। জানা গেছে, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। এরপর মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করা হয়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।


