রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন সরকারদলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। শনিবার আক্রান্ত কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
স্থানীয়ভাবে জানা যায়, টিকাদান কেন্দ্রে হামলার পর মানুষের সেবা ব্যাহত না হয়ে যায়, তা নিশ্চিত করতে তুলি নিজের মিরপুরস্থ রাজনৈতিক কার্যালয়কে সাময়িকভাবে টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। কার্যালয়টি রুহানি টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত। প্রস্তাবটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন তিনি।
গুম হওয়া পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাকের’ অন্যতম সংগঠক হিসেবে পরিচিত সানজিদা তুলি বলেন, হামলা ও দখলের ঘটনায় প্রশাসন তদন্ত চালাচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে টিকাদান কার্যক্রম থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন রাখা হবে না।
তিনি জানান, আক্রান্ত টিকাদান কেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে দেশি টিকা গ্রহণে আসা মানুষ নিয়মিত সেবা পান এবং কোনো ধরনের ভোগান্তির মুখোমুখি না হন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ওই কেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। এরপর মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপতি লুট করা হয় এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে ফেলা হয়।

-6ab89f23c1317.jpg)

-6ab7db813afb0.jpg)


