বিশ্বের অন্যতম বৃহত্তম মুক্তবাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আরসিইপির পঞ্চম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশসহ চার দেশ ও অঞ্চলকে সদস্য করার আনুষ্ঠানিক প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি বিশেষ বা অ্যাডহক অ্যাকসেশন ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ অনুমোদন করা হয়েছে।
সদস্যপদের আনুষ্ঠানিক আলোচনা শুরুর পথ
গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলোর বাণিজ্যমন্ত্রীরা আরসিইপি জয়েন্ট কমিটির প্রদত্ত সুপারিশে ওয়ার্কিং গ্রুপ গঠনে আনুষ্ঠানিক সম্মতি দেন। বাংলাদেশের পাশাপাশি নতুন অ্যাডহক ওয়ার্কিং গ্রুপের আওতায় থাকবে চিলি, শ্রীলংকা ও হংকং। জোটের নতুন সদস্য অন্তর্ভুক্তির রোডম্যাপ অনুযায়ী এই গ্রুপ আগ্রহী দেশ ও অঞ্চলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এবং প্রয়োজনীয় কারিগরি কাজ এগিয়ে নেবে।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে আরসিইপির উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য কাঠামো বজায় রাখার প্রতি সদস্য দেশগুলোর প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জোটের পরিধি সম্প্রসারণের অংশ হিসাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় অগ্রগতি পর্যালোচনা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাধা দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগে নতুন সুযোগ
আরসিইপিতে যুক্ত হওয়ার উদ্যোগ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে। লডিসি-পরবর্তী সময়ে বিদ্যমান বাণিজ্য সুবিধা ধরে রাখা এবং নতুন বাজারে প্রবেশ করার ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। আরসিইপির সদস্য হতে পারলে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বড় অর্থনীতিগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি হতে পারে।
জোটে থাকা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ করলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও পাদুকা, কৃষিপণ্য, ওষুধ ও হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতের রপ্তানি বাড়ার সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হতে পারে।
তবে অ্যাডহক গ্রুপ গঠন এখনো চূড়ান্ত সদস্যপদ নিশ্চিত করে দেয়নি। ভবিষ্যতে আনুষ্ঠানিক আলোচনা ও কারিগরি যাচাই পাশ করলেই বাংলাদেশ আরসিইপিতে যোগদানের প্রক্রিয়া আরও অগ্রসর হবে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।





